ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সারা দেশে আধা বেলা হরতাল চলছে। ইসলামী ছাত্রসেনার ডাকা হরতাল সকাল ৬টা থেকে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। হরতাল শেষ হবে দুপুর ২ টার সময়। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী। হরতালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সকাল থেকেই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে, হরতালের কারণে রাজধানীর রাস্তায় প্রাইভেটকার চলাচল কম থাকলেও বিভিন্ন রুটের গণপরিবহন চলাচল করছে অন্যান্য দিনের মতই। সদরঘাট থেকে সব লঞ্চ ছেড়ে গেছে। তবে সকালে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হরতালের সমর্থনে সকালে ছাত্রসেনার নেতাকর্মীরা রাজধানীর পল্টন, মতিঝিল, খামারবাড়ী, টেকনিক্যাল ও গেন্ডারিয়ায় মিছিল বের করার চেষ্টা করেছেন। গেন্ডারিয়া থেকে ছাত্রসেনার ৩ কর্মীকে আটকের পর পুলিশ ছেড়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মতিঝিল শাপলা চত্বর এলাকায় নেতা-কর্মীদের জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মাওলানা ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ছিলেন। চ্যানেল আইয়ে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনাও করতেন তিনি।
গত বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন ফারুকী। রাত ৮টার দিকে আট-নয়জন দুর্বৃত্ত বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে তাদের সামনে ফারুকীকে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে শনিবারের মধ্যে খুনি গ্রেফতার না হলে রোববার হরতালের হুমকি দিয়েছিল ছাত্রসেনা। শনিবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে আল বশির প্লাজার ছাত্রসেনার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতালের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
Post a Comment