তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয় বাংলাদেশ। বেসিটিয়ারের ওয়ার্নার পার্কে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় দুই দল। কিন্তু বেরসিক বৃষ্টি হানা দেয় ম্যাচটিতে। যে কারণে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ম্যাচটিতে ড্র মেনে নেন। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম। সূচনাটা বেশ ভালোই হয়েছিল তাদের। দুই ওপেনার তামিম ইকবাল এবং আনামুল হক বিজয় ৪.৪ ওভারে বাংলাদেশের স্কোরসিটে ৩১ রান যোগ করেন। ৯ বলে ১১ রান নিয়ে ক্রিজে অপরাজিত ছিলেন বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। তার ইনিংসে ছিল ১টি চারের মার। অপর প্রান্তে থাকা বিজয় ১৯ বলে ১৯ রান করতে সক্ষম হন। বিজয়ের ইনিংসে ছিল ১টি করে চার ও ছয়ের মার।

তবে ম্যাচটি এর বেশি এগোতে দেয়নি বৃষ্টি। অতিরিক্ত বৃষ্টির জন্য মাঠ খেলার ভারসাম্য হারিয়ে ফেলে। যে কারণে ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন দায়িত্ব পালনকারী দুই আম্পায়ার পল নেরো ও জোয়েল উইলসন। বাংলাদেশ দলে চারটি পরিবর্তন আনা হয়েছিল। ইমরুল কায়েসের পরিবর্তে সুযোগ দেওয়া হয় মিথুন আলীকে। অন্যদিকে মাশরাফি বিন মর্তুজাকে বিশ্রামে রেখে মাঠে নামানো হয় পেসার রুবেল হোসেনকে। মুুুমিনুল হকের পরিবর্তে স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন শামসুর রহমান শুভ। সোহাগ গাজীর জায়গায় তাসকিন আহমেদকে খেলানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
Post a Comment