ইসলামি গবেষক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ছাত্রসেনা, সুন্নি আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি ইসলামি সংগঠন।বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক যৌথ বিক্ষোভ সমাবেশে এই আলটিমেটাম ঘোষণা করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে মাওলানা ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার করা না হলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান।
চট্টগ্রাম মহানগর ছাত্রসেনার সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে ছাত্রসেনা নেতারা ছাড়াও ইসলামী ফ্রন্ট ও সুন্নির আলেমরা বক্তব্য রাখেন। এর আগে বেলা ১১টার পর থেকেই মাওলানা ফারুকীর হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শুরু হয়। ছাত্রসেনার হাজার হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নামলে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোর, দামপাড়া ওয়াসা, মোমিন রোড, জামালখান সড়ক, আন্দরকিল্লা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে জামালখান প্রেসক্লাব চত্বরের সমাবেশের পর আরো একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। অন্যদিকে মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সুন্নি আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি ইসলামি দলের নেতা-কর্মীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে কয়েক শ নেতা-কর্মী সড়ক অবরোধ করে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, শুক্রবার পবিত্র জুমার নামাজের আগ পর্যন্ত সরকারকে সময় দেওয়া হলো। এর মধ্যে সরকার যদি খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর মোজাদ্দেদী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহীদুল আলম রিজভীসহ আরো অনেকে।
Post a Comment