GuidePedia

0
যারা বলেছিল ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাদের মুখে ছাই পড়েছে। কারণ ভারতের নতুন সরকারের সঙ্গে আগের মতোই বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় আছে।’ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সোনামসজিদ স্থলবন্দর সড়কের কয়লাবাড়ী নামক স্থানে এক্সেল লোড নিয়ন্ত্রণকেন্দ্র উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাণিজ্যে সমতা আনার জন্য বর্তমান সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং অচিরেই বাণিজ্যে সমতা আনা হবে। কিন্তু বিরোধী দল বলেছিল, ভারতের নতুন সরকারের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক হবে না। অথচ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত এগিয়ে এসেছে। অচিরেই তিস্তা ও স্থলসীমান্ত চুক্তি হবে।’যোগাযোগমন্ত্রী বলেন, শিগগিরই ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক লেনে উন্নীত করা হবে। তিনি ট্রাকচালক ও শ্রমিকদের উদ্দেশে বলেন, মহাসড়কের স্থায়িত্ব টিকিয়ে রাখতে এক্সেল লোড নিয়ন্ত্রণকেন্দ্রে মালামাল ওজন করে ওভারলোড বর্জন করতে হবে। এজন্য তিনি সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন।
তিনি আরো বলেন, সোনামসজিদ স্থলবন্দর সড়কে প্রথম এক্সেল লোড নিয়ন্ত্রণকেন্দ্র উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে সড়কের স্থায়িত্ব বাড়াতে সারা দেশে আরো ছয়টি এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুদ্দীন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুল আমিন, স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

Post a Comment

 
Top